ইংল্যান্ড শিবিরে চোট ধাক্কা, ছিটকে গেলেন লিচ

অনলাইন ডেস্ক

অ্যাশেজ সিরিজ শুরুর দুই সপ্তাহ আগে বড় এক ধাক্কা খেল ইংল্যান্ড। স্ট্রেস ফ্র্যাকচারের কারণে ছিটকে গেলেন দলটির প্রথম পছন্দের স্পিনার জ্যাক লিচ।

লর্ডসে শনিবার (৩ জুন) শেষ হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে এই উপসর্গ দেখা দেয় লিচের। রবিবার (৪ জুন) স্ক্যানে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ে ৩১ বছর বয়সী বাঁহাতি স্পিনারের। আইরিশদের ১০ উইকেটে হারানো ম্যাচে তিনি নেন ৪ উইকেট।

২০১৮ সালে টেস্ট অভিষেক থেকে এখন পর্যন্ত এই সংস্করণে ৩৫ ম্যাচ খেলে ১২৪ উইকেট নিয়েছেন লিচ। খেলেছেন গত দুই অ্যাশেজ সিরিজেই। ২০১৯ সালে লিডসে ইংলিশদের ১ উইকেটের অবিশ্বাস্য জয়ের ম্যাচে বেন স্টোকসের সঙ্গে শেষ উইকেট জুটির অংশ ছিলেন তিনি।
স্টোকস অধিনায়ক হওয়ার পর ইংল্যান্ডের ১৫ টেস্টেই খেলে লিচ উইকেট নেন ৪৫টি। প্রথমবার ম্যাচে ১০ উইকেটের স্বাদ পান তিনি এই সময়েই, গত গ্রীষ্মে হেডিংলিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে।

এবারের অ্যাশেজের প্রথম দুই টেস্টের জন্য গত শনিবার ১৬ সদস্যের দল ঘোষণা করে ইংল্যান্ড। পরদিনই লিচকে হারাল তারা। পরবর্তী সময়ে এই ক্রিকেটারের বদলি ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ১৬ জুন এজবাস্টনে শুরু ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী এই সিরিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights