ইউএনওর নম্বর ক্লোন করে প্রতারণা, যুবকের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক , রাজশাহী:
রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণার অভিযোগে রাকিবুল ইসলাম (২২) নামের এক যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রাকিবুল লালমনিরহাটের কেরানীগঞ্জের মহিশামুড়ি এলাকার আলতাফ মাস্টারের ছেলে। এ মামলা থেকে দুই আসামিকে খালাস দেন আদালত। রবিবার দুপুর ১২টার দিকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। এছাড়া দুই লাখ টাকা জরিমানা করেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, রাজশাহীর দুর্গাপুরের শামসুল ইসলামকে একই উপজেলার ইউএনও’র নম্বর ক্লোন করে ফোন দেন রাকিবুল ইসলাম। এ সময় শামসুল ইসলামের থেকে ৩০ হাজার টাকা নগদ, বিকাশের মাধ্যমে চান রাকিবুল। শামসুল ২৮ হাজার টাকা পাঠান। পরে তার সন্দেহ হলে প্রতারক রাকিবুলকে জিজ্ঞেস করলে তিনি কথা না বলে ফোন রেখে দেন। পরে এ ঘটনায় থানায় মামলা করেন ভুক্তভোগী শামসুল।
সাইবার ট্রাইব্যুনালের পিপি ইশমত আরা জানান, আসামি রাকিবুল ইসলামের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আরেকটি ধারায় এক বছর সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। তিনি বলেন, এ মামলায় মাইদুল ইসলাম মিলন ও সাইদুল ইসলামের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন আদালত।
