ইউক্রেনে এক সপ্তাহের জন্য হামলা বন্ধ রাখবেন পুতিন: ট্রাম্প

অনলাইন ডেস্ক

চলমান তীব্র শীতের কারণে ইউক্রেনে এক সপ্তাহের জন্য হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ট্রাম্পের বক্তব্য চরম শীতের এই সময়ে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরের নিরাপত্তা নিশ্চিত করার সম্ভাবনা তৈরি করেছে। তিনি জানান, সাম্প্রতিক যুদ্ধবিরতি আলোচনা চলাকালে সংযুক্ত আরব আমিরাতে বোমাবর্ষণ স্থগিতের বিষয়টি উঠে এসেছিল এবং সংশ্লিষ্ট পক্ষগুলো সেই সমঝোতা বাস্তবায়ন করবে বলে ইউক্রেন আশা করছে।

এর আগে একই দিন ট্রাম্প জানান, প্রচণ্ড নিম্ন তাপমাত্রার কথা বিবেচনায় নিয়ে তিনি পুতিনকে কিয়েভে এক সপ্তাহ হামলা না চালানোর অনুরোধ করেন, যার প্রতি রুশ প্রেসিডেন্ট সম্মতি দিয়েছেন।

এদিকে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশকো জানান, শহরের অন্তত ৪৫৪টি আবাসিক ভবন এখনো গরমের সুবিধা থেকে বঞ্চিত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও তাপ সরবরাহ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে কিয়েভে তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াসে। একই সময়ে রাশিয়ার রাজধানী মস্কোতেও জানুয়ারিতে গত ২০০ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত রেকর্ড হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights