ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন আদেশ ১২ জুলাই
আদালত প্রতিবেদক
হামে শিশুমৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের নামে আদালতে মামলার আবেদন করা হয়েছে। আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামী ১২ জুলাই তারিখ নির্ধারণ করেছেন।
রবিবার (৫ জুলাই) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালতে এ মামলার আবেদন করেন হামে নিহত শিশুর পিতা সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। মামলার আবেদনের অপর দুই আসামি হলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর ও সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মামলার আবেদনে উল্লেখ করেন, বাদীর ৯ মাসের শিশু কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে গত ২২ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলায় অবস্থার অবনতি ঘটে। এছাড়া সঠিক সময়ে হামের টিকা সরবরাহ না থাকায় শিশুটি টিকা নিতে পারেনি এবং এ কারণেই হামে আক্রান্ত হয়ে গত ২৬ মার্চ মৃত্যুবরণ করেছে।
অভিযোগে আরও বলা হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালনে অবহেলা করেছেন। তারা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এ অবহেলার ফলে দেশব্যাপী শত শত শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং হাজারো শিশু চিকিৎসাধীন।
আসামিদের এসব কর্মকাণ্ড জনস্বাস্থ্য ও জীবন রক্ষার রাষ্ট্রীয় দায়িত্ব লঙ্ঘন এবং আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতার শামিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
