ইউরোপে চাকরির প্রলোভনে সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ২

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গ্রেফতার ব্যক্তিরা হলো- নুসরাত জাহান (২৮) ও মো. সোহান (২৪)। সোমবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১২ মে) র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিরা পল্লবী থানাধীন এলাকায় ‌‘বিএফসি গ্লোবাল কনসালটেন্সি’ নামক অফিস খুলে ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে আর্কষণীয় বেতনে অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে চাকরি দেওয়ার প্রচারণা চালাতেন। এভাবে তারা ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করে বিদেশ পাঠানোর নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।

এসময় তাদের জানানো হয়, অস্ট্রেলিয়া যেতে জনপ্রতি ৯ লাখ, কুয়েত যেতে ৬ লাখ এবং ইতালি যেতে ২০ লাখ টাকা এবং সার্বিয়ায় যেতে জনপ্রতি ৮ লাখ টাকা দিতে হবে।

একপর্যায়ে অভিযুক্তদের সঙ্গে চুক্তির পর ভুক্তভোগীরা কয়েকটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট সাড়ে ৩ কোটি টাকা দেয় এবং তিন মাসের মধ্যে বিদেশে পাঠানোর চুক্তি করে।

টাকা দেওয়ার ১ মাস পর ভুক্তভোগীদের ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা দেয় গ্রেফতাররা। এছাড়া ফ্লাইটের তারিখ নির্ধারণ করে ভুক্তভোগীদের কাছে বুকিং করা এয়ার টিকিট প্রদান করে এবং ফ্লাইটের তারিখ আসার একদিন আগে বিভিন্ন অজুহাত দেখিয়ে টিকিট বাতিল হয়েছে জানিয়ে প্রতারণা করা হয়।

কে এন রায় নিয়তি আরও জানান, ঘটনাটি প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। এ ঘটনায় পল্লবী থানায় মামলা হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে অভিযুক্ত দুজনের অবস্থান শনাক্তের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights