ইতালিতে পাঠানোর নামে কয়েক লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

সিলেট ব্যুরো

ইতালিতে পাঠানোর নামে সিলেটের বেশ কয়েকজনের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ঢাকা থেকে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকার আদালতপাড়া থেকে সিলেট কোতোয়ালি থানার একদল পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তির নাম সুমন তালুকদার (৫৫)। তিনি ঢাকার ধানমন্ডি এলাকার ৪ নম্বর রোডের ৩২ নম্বর বাসার জে এন তালুকদারের ছেলে। সুমন ঢাকার নিউ ইস্কাটন বাংলা মোটর এলাকার হোম টাউন কমপ্লেক্সের একটি ফ্ল্যাটে থাকতেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন শিপন।
জানা গেছে, ২০২২ সালের শেষদিকে ইতালিতে পাঠানোর নামে সুমন সিলেটের বেশ কয়েকজনের কাছ থেকে মোট ১৮ লাখ ৬৩ হাজার টাকা হাতিয়ে নেন। পরে তিনি ইতালি যেতে চাওয়া ব্যক্তিদের সঙ্গে সময়ক্ষেপণ ও নানা টালবাহানা করতে থাকেন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে একপর্যায়ে ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত চাইলে সুমন টাকা না দিয়ে তাদের নানা হুমকি-ধমকি দিতে থাকেন।

পরে সিদ্দিক আহমদ নামে এক ভুক্তভোগী গত বছরের ১৫ আগস্ট সিলেট আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় এক পর্যায়ে সুমনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কিন্তু পলাতক ছিলেন তিনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন শিপন জানান, গ্রেফতার সুমনকে বুধবার আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights