ইতালির উপকূল থেকে ১৩০ অভিবাসী উদ্ধার

অনলাইন ডেস্ক

ইতালির উপকূল থেকে ১৩০ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।

রবিবার দক্ষিণ ক্যালাব্রিয়া অঞ্চলের ক্রোটোনে ঝড়ো হাওয়া এবং উঁচু ঢেউয়ের মধ্যে বিপজ্জনক পরিস্থিতিতে তাদের উদ্ধার করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ক্রোটোনেসে এক প্রতিবেদনে জানিয়েছে, ৩০ জানুয়ারি তুরস্ক উপকূল থেকে একটি মাছ ধরার নৌকায় করে তারা যাত্রা করে।

দক্ষিণ ইতালির ক্রোটোনে এবং রোকেলা জোনিকা অঞ্চলের কোস্টগার্ডের সদস্যরা প্রায় ১৪ ঘণ্টা অভিযান শেষে অভিবাসীদের নিয়ে ক্রোটোনে বন্দরে পৌঁছান।

অভিবাসীদের নিয়ে আসা নৌকাটি উপকূলে ঝুঁকিতে পড়ার পর স্যাটেলাইট ফোন থেকে অনুরোধ পেয়েছিল কোস্টগার্ড। পরবর্তীতে রেজিও ক্যালাব্রিয়া কর্তৃপক্ষের নির্দেশে দুটি টহল নৌকা অভিযান শুরু করে।

দীর্ঘ অভিযান শেষে অভিবাসীদের নিয়ে টহল নৌকা দুটি সমুদ্রে সাত ঘণ্টার যাত্রা শেষ করে ক্রোটোনে বন্দরে পৌঁছায়।

উদ্ধারকৃতদের নৌকায় প্রাথমিক চিকিৎসা দিয়েছে এনজিও অর্ডার অব মাল্টা, ইতালীয় রিলিফ কর্পস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার স্বাস্থ্যকর্মীরা।

উদ্ধার অভিবাসীদের মধ্যে ২৭ জন নারী এবং ৩০ জন অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক। মোট ১৩০ জন অভিবাসীর মধ্যে ৭০ জন আফগানিস্তান, ৪০ জন ইরান, ৯ জন ইরাক এবং ছয়জন পাকিস্তানের নাগরিক। সূত্র: আনসা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights