ইতিবাচক সম্পর্ক গড়তে আগ্রহী ভারত

নয়াদিল্লি প্রতিনিধি

ভারত আবারও জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়তে তারা আগ্রহী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের নির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার গিয়েছিলেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এসেছিলেন। সম্পর্কের গতিপথ ঊর্ধ্বমুখী করার লক্ষ্যে আমাদের আগ্রহ রয়েছে। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশের বিষয়টি ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বিষয়। এরই মধ্যে বাংলাদেশ সরকারের কাছেও ২ হাজার ৮৫০ অবৈধ বাংলাদেশির পরিচয় শনাক্ত করতে বলা হয়েছে। এখনো বাংলাদেশ কোনো মন্তব্য করেনি। পশ্চিমবঙ্গের নতুন সরকার আসার পর সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে দেওয়া হচ্ছে। ভারতের জন্য সীমান্ত সুরক্ষা অগ্রাধিকার। তিনি আশা করেন, দুই দেশের সম্পর্কের অবনতি হবে না। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গিয়ে তিস্তা উপত্যকা উন্নয়ন প্রকল্পের দায়িত্ব চীনকে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে মুখপাত্র বলেন, ‘আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাবতীয় বিষয় নজর রাখছি। ভারত-বাংলাদেশ সম্পর্ক দ্বিপক্ষীয় একান্ত ভাবেই। অন্য দেশের বিষয়ের ওপর নির্ভরশীল নয়। প্রতিবেশী দেশগুলোকে ভারত জ্বালানি সরবরাহ করে চলেছে। যেমন বাংলাদেশকে মৈত্রী পাইপ লাইন দিয়ে ডিজেল সরবরাহ করছে। পরিস্থিতি বিবেচনা করে বাড়তি ডিজেল দেওয়া হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights