ইনজুরিতে বিপিএল ছাড়লেন রিস টপলি, বিপাকে সিলেট স্ট্রাইকার্স!

অনলাইন ডেস্ক
ইনজুরির কারণে বিপিএল ছেড়ে দেশে ফিরেছেন ইংল্যান্ডের পেসার রিস টপলি। সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলা এই ডানহাতি পেসার হাঁটুতে হাইপার-এক্সটেনশন ইনজুরিতে ভুগছেন। একইসঙ্গে কুঁচকির ব্যথা ও হ্যামস্ট্রিংয়ের সমস্যাও রয়েছে তার। টুর্নামেন্ট অসমাপ্ত রেখেই গতকাল নিজ দেশে ফিরে যান তিনি।

সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি বিষয়টি নিশ্চিত করেছে। ইনজুরি পুনর্বাসনের পাশাপাশি আপাতত টপলিকে মাঠের বাইরে থাকতে হবে। তবে এবারের আসরে তার পারফরম্যান্স খুব একটা উজ্জ্বল ছিল না। ৭ ম্যাচে ৯.৭৫ ইকোনমিতে মাত্র ৪ উইকেট শিকার করেছেন তিনি।

এর আগে ইনজুরির কারণে দলের আরেক বিদেশি তারকা, ক্যারিবীয় অলরাউন্ডার রাহকিম কর্নওয়ালও বিপিএল ছেড়ে চলে যান। টানা ইনজুরির ধাক্কায় সিলেট স্ট্রাইকার্স দলে এখন ভাঙাচোরা অবস্থা। অধিনায়ক আরিফুল হক এই প্রসঙ্গে বলেন, “আমাদের কিপার চারজন থাকার পরও রনিকে কিপিং করতে হচ্ছে। কারণ জাকের আলির পিঠে চোট, জাকির হাসানের হাঁটুতে চোট এবং জর্জ মুনসির আঙুলে চোট রয়েছে। দলে এখন আর কোনো ব্যাকআপ ক্রিকেটার নেই।”

চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের পারফরম্যান্সও হতাশাজনক। ৯ ম্যাচ খেলে মাত্র ২টিতে জয় পাওয়া দলটি ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। প্লে-অফে জায়গা করে নিতে হলে বাকি ৩ ম্যাচে জয়ের পাশাপাশি অন্য দলের ফলাফলের ওপরও নির্ভর করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights