ইন্দোনেশিয়ায় কাউন্সিল ভবনে বিক্ষোভকারীদের আগুনে ৩ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মাকাসার শহরের একটি কাউন্সিল ভবনে বিক্ষোভকারীদের দেওয়া আগুনে ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর আগে দেশটির রাজধানী জাকার্তায় পুলিশের গাড়ি চাপায় এক রাইড শেয়ার চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার এ খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

মাকাসার সিটি কাউন্সিলের সচিব রহমত মাপ্পাতোবা এএফপিকে বলেন, বিক্ষোভকারীদের আগুনে তিনজন নিহত হয়েছেন গত রাতে। ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে চিকিৎসারত অবস্থায় একজন নিহত হয়। তারা জ্বলন্ত ভবনের ভেতরে আটকা পড়েছিলেন।

তিনি আরও বলেন, সাধারণত বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা কেবল পাথর ছুঁড়ে মারত অথবা অফিসের সামনে টায়ার পোড়াত। তারা কখনও ভবনে ঢুকে পড়ত না বা আগুন দিত না। বিক্ষোভকারীরা এমন করবে এটা আমাদের ধারণা ছিল না। নিহতদের মধ্যে দুজন ছিলেন স্থানীয় কাউন্সিলের কর্মচারী এবং অন্যজন সরকারি কর্মচারী।

এদিকে, শুক্রবার শুধু মাকাসার বা জাকার্তাই নয়, ইন্দোনেশিয়ার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শহরেও ছড়িয়ে পড়ে বিক্ষোভ। জাভার যোগজাকার্তা, বান্দুং, সেমারাং, সুরাবায়া এবং উত্তর সুমাত্রার মেদান শহরেও হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীদের ধরিয়ে দেওয়া আগুনে আহত হয়েছে কয়েকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights