ইন্দোনেশিয়ায় পাথরের খনি ধস: নিহত অন্তত ১০, নিখোঁজ বহু

অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি পাথরের খনি ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানিয়েছে, এ ঘটনায় আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার ভোরে পশ্চিম জাভার সিরেবনের গুনুং কুদা খনিতে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা বড় বড় পাথর সরিয়ে লাশ ব্যাগে ভরে অ্যাম্বুলেন্সে তুলছেন।

একটি ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে একটি মরদেহ বের করে আনতে সংগ্রাম করছেন উদ্ধারকারীরা। আরেকটি ক্লিপে দেখা যায়, ধস নামার সময় ধুলোয় আচ্ছন্ন পরিবেশে মানুষজন দিগ্বিদিক ছুটে পালাচ্ছেন।

বিএনপিবি নিশ্চিত করেছে, এই ঘটনায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছে।

নিখোঁজের সংখ্যা নিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত কোনও সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।

সংস্থাটি জানিয়েছে, ঘটনাস্থলে তিনটি এক্সকাভেটরসহ ভারী যন্ত্রপাতি ধ্বংসস্তূপে চাপা পড়েছে এবং শনিবার পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।

সিরেবন জেলার পুলিশপ্রধান সুমারনি জানান, উদ্ধারকর্মীরা এরইমধ্যে ধ্বংসস্তূপ থেকে এক ডজনের বেশি আহত ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, খনি ধসের কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ এবং খনি মালিক ও কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। বর্তমানে উদ্ধার অভিযানে পুলিশ, সেনাবাহিনী, জরুরি সেবাকর্মী ও স্বেচ্ছাসেবকরা মিলিতভাবে কাজ করছেন এবং এতে পাঁচটি এক্সকাভেটর ব্যবহার করা হচ্ছে।

তবে ভূমির অস্থিতিশীল অবস্থার কারণে নতুন করে ভূমিধসের ঝুঁকি তৈরি হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। সূত্র: রয়টার্স, আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights