ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ নিখোঁজ প্লেনের ধ্বংসাবশেষ উদ্ধার

অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে নিখোঁজ হওয়া প্লেনের ধ্বংসাবশেষ রবিবার উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিধ্বস্ত হয় প্লেনটি। ওই প্লেনে ১১ জন আরোহী ছিলেন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে যোগ্যাকার্তা থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশে যাত্রাকালে ইন্দোনেশিয়ান এয়ার ট্রান্সপোর্টের একটি এটিআর ৪২-৫০০ টার্বোপ্রপ উড়োজাহাজটি হঠাৎ করে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রবিবার মাকাসারের কাছে দক্ষিণ সুলাওয়েসির বুলুসারাউং পাহাড় এলাকায় প্লেনের ধ্বংসাবশেষ দেখতে পান উদ্ধারকর্মীরা।

মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার এক সংবাদ সম্মেলনে জানান, উদ্ধার হওয়া ধ্বংসাবশেষের মধ্যে প্লেনের ফিউজলাজ, টেইল বা লেজের অংশ এবং জানালার অংশ শনাক্ত করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে আকাশপথে ও স্থলপথে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য এখন যাত্রীদের খুঁজে বের করা। আমরা আশা করছি, অন্তত কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে।’

কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি বান্টিমুরুং–বুলুসারাউং জাতীয় উদ্যানের মাউন্ট বুলুসারাউং এলাকায় বিধ্বস্ত হয়। দুর্গম পাহাড়ি এলাকা ও ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। সূত্র: রয়টার্স, আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights