ইন্দ্রনীল-ঋতুপর্ণার সংসারে শর্মিলা ঠাকুরকে নিয়ে জটিলতা

অনলাইন ডেস্ক
এ মাসের ১১ তারিখ মুক্তি পেতে যাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন সিনেমা ‘পুরাতন’। যার প্রচারণা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি।

সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। সেখানে নতুন এক ঋতুপর্ণাকে পেয়েছে দর্শকরা।

প্রকাশিত ট্রেলারে দেখা গেছে, তার মায়ের চরিত্রে অভিনয় করছেন শর্মিলা ঠাকুর। যাকে নিয়েই তার রাজ্যের চিন্তা। যার জন্য বিয়ের সিদ্ধান্তও নিতে পারেননি তিনি। তবে ঋতুপর্ণা সম্পর্কে আছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে। এরপর একটা সময় বিয়ের সিদ্ধান্ত নেন তারা। তারপরই ঋতুপর্ণার মাকে নিয়ে সংসারে বাধতে থাকে নানা জটিলতা। এ নিয়েই এগিয়ে যায় সিনেমার গল্পটি।

এদিকে ‘পুরাতন’ সিনেমার হাত ধরে শর্মিলা ঠাকুরের বাংলা সিনেমায় দীর্ঘদিন পর প্রত্যাবর্তন হচ্ছে, যা নিয়ে বেশ উচ্ছ্বসিত এ কিংবদন্তি।

ভারতীয় এক গণমাধ্যমে তিনি বলেন, এটিই হয়তো আমার শেষ বাংলা সিনেমা। কারণ আমার শরীর খুব একটা ভালো না। আগের মতো কাজ করার শক্তি এখন পাই না। তাই সেভাবে আমাকে সিনেমায় দেখতে পাচ্ছে না দর্শক। এ ছাড়া ঋতু খুব পেশাদার মানুষ। তাই ওর প্রস্তাব আমি না করতে পারিনি। শুটিং সেটে ও আমার খুব যত্ন নিয়েছে। তবে প্রযোজকের বাইরেও ও সহ-অভিনেত্রী হিসেবে দুর্দান্ত। আমি ওকে পছন্দ করি। ওর সঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে।

মুক্তির দোরগোড়ায় থাকা ঋতুপর্ণার ‘পুরাতন’ সিনেমাটিতে তিনি অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও আছেন। এটি পরিচালনা করেছেন সুমান ঘোষ। শেষ সময়ে সিনেমাটি নিয়ে তুমুল ব্যস্ততা যাচ্ছে অভিনেত্রীর। সেইসঙ্গে বেশ আশাবাদী ঋতুপর্ণা। তার মতে, এ মুভির গল্পই দর্শককে মুগ্ধ করবে। এছাড়া, এর গান এরই মধ্যে প্রশংসিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights