ইফতারের জন্য মেট্রোরেলে পানির বোতল বহনের অনুমতি

অনলাইন ডেস্ক

পবিত্র রমজান মাস উপলক্ষে অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষ সময়সূচিতে চলাচল শুরু করেছে ঢাকার মেট্রোরেল। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রমজান থেকে এ সূচি কার্যকর হয়েছে। একই সঙ্গে ইফতারের সময় যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়েছে, রমজানে ইফতারের সময় পানি পান করার উদ্দেশ্যে যাত্রীরা মেট্রোরেল ও স্টেশন এলাকায় সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যাতে পড়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যবহৃত পানির বোতল প্ল্যাটফর্ম, কনকোর্স, এন্ট্রি ও এক্সিট গেইটে রাখা ডাস্টবিনে ফেলতে হবে। কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স বা ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

ডিএমটিসিএল জানায়, রমজান মাসে সাপ্তাহিক কর্মদিবসে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত বিশেষ সময়সূচি বহাল থাকবে। তবে শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না।

নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights