ইমরান খানের দলের বিক্ষোভ ঘিরে অবরুদ্ধ ইসলামাবাদ, মোতায়েন ২২ হাজার পুলিশ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ মিছিল ঘিরে রাজধানী ইসলামাবাদে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবারের কর্মসূচি সামনে রেখে রাজধানীর প্রধান সড়ক ও প্রবেশপথ কনটেইনার দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় ২২ হাজার পুলিশ সদস্য।

ব্লুমবার্গ ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও মোড়গুলোতে দুই স্তরে কনটেইনার সাজিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। রাজধানীতে প্রায় ১ হাজার কনটেইনার রাখা হয়েছে। এতে সড়ক যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। কনটেইনারের ফাঁক দিয়ে মোটরসাইকেল চালকদের চলাচলের চেষ্টা করতে দেখা গেছে।

ইমরান খানের দল পরিচালিত খাইবার পাখতুনখোয়া প্রদেশের সঙ্গে ইসলামাবাদের গুরুত্বপূর্ণ যোগাযোগপথও বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানীতে দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করে পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বিক্ষোভ সামনে রেখে ইমরান খানের তিন বোন আলিমা খান, উজমা খান ও নরিন নিয়াজিকেও আটক করা হয়েছে। এ ছাড়া পিটিআইয়ের কয়েক ডজন আইনপ্রণেতা, আঞ্চলিক নেতা ও কর্মীকে আটক করা হয়েছে। দলের তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম দাবি করেছেন, প্রায় ১ হাজার ৫০০ কর্মীকে আটক করা হয়েছে।

ইমরান খানের দল সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাবেশের সাংবিধানিক অধিকার খর্ব করার অভিযোগ করেছে। দলের চেয়ারম্যান গওহর আলী খান বলেছেন, তাঁরা ইসলামাবাদে প্রবেশ করলে পাকিস্তানের পতাকায় চারপাশ উৎসবমুখর হয়ে উঠবে।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও সহিংসতায় উসকানিসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ইমরান খান ও তাঁর আইনজীবীরা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করতেই এসব মামলা করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights