ইয়াবা-গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে মাদক বিক্রির সময় ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৩টি ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট সদরের সানমুন ক্লাব-সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আজম ও তার ছেলে ফাহিম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে মাদক কেনাবেচার সময় হাতেনাতে বাবা-ছেলেকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ৪৩টি ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, “গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights