ইয়েমেনের সরকারি বাহিনীর ওপর হুথি হামলা, নিহত ৩০

অনলাইন ডেস্ক
ইয়েমেনের হাদরামাউত ও মারিব প্রদেশে সরকারি বাহিনীর উপর হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। হুথি বিদ্রোহীদের পৃথক হামলায় দেশটির সরকারি বাহিনীর অন্তত ৩০ সৈন্য নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অর্ধ-শতাধিক।

বৃহস্পতিবার ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির কর্মকর্তারা বলেছেন, মারিব ও হাদরামাউত প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বিভিন্ন সামরিক ক্যাম্প লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।

হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় ‘শত শত’ মানুষ হতাহত হয়েছে।

ইয়েমেনি সেনাবাহিনী এই হামলার কথা স্বীকার করেছে। একে হুথিদের বিরুদ্ধে তাদের নিজস্ব অভিযানের পাল্টা জবাব হিসেবে অভিহিত করেছে।

ইয়েমেনি সামরিক সূত্র জানিয়েছে, হুথিরা মারিবের উত্তরে অবস্থিত আল-জাওফ প্রদেশ থেকে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ হামলায় হাদরামাউতের আল-থিনিয়া ও আল-আবর এবং মারিবের আল-রুক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

চার বছরের তুলনামূলক শান্তি অবস্থা বজায় থাকার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুথি এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করেছে।

হুথিরা সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধের ঘোষণাও দিয়েছে এবং ইয়েমেনের উত্তর প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পৃক্ত জাহাজে হামলা চালিয়েছে।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করলে দেশটিতে গৃহ যুদ্ধ শুরু হয়। পরের বছর থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপ শুরু হলেও তারা হুথিদের সম্পূর্ণরূপে পরাস্ত করতে সক্ষম হয়নি।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights