ইরাকের বন্দরে তেলবাহী ট্যাংকারে হামলায় নিহত ১

অনলাইন ডেস্ক

ইরাকের আল-ফাও বন্দরে দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল সাদ মান।

তিনি জানান, দুটি তেলবাহী ট্যাংকারে কাপুরুষোচিত নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। হামলাটি ইরাকের জলসীমার অভ্যন্তরে সংঘটিত হয়েছে, যা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন।

প্রতিবেদনে বলা হয়, হামলার ফলে জাহাজ দুটিতে আগুন ধরে যায় এবং দ্রুত জরুরি উদ্ধার তৎপরতা শুরু করা হয়।

এদিকে, ইরাকি একজন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে, ইরাকি জলসীমায় এই হামলার পেছনে ইরানের বিস্ফোরক বোঝাই নৌযান দায়ী। তবে এ ব্যাপারে বিস্তারিত তদন্ত চলছে বলে জানা গেছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা জানায়, তেলবাহী ট্যাংকারে হামলার খবর তারা পেয়েছে। ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা এই ঘটনার জন্য ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছে। হামলার পর তেল বন্দরগুলেরা কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ইরাকি কর্তৃপক্ষ।

এর আগে, বুধবার ওমান উপকূল থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল (২৪ কিলোমিটার) দূরে হরমুজ প্রণালিতে একটি থাই পতাকাবাহী জাহাজে হামলার ঘটনায় ২০ জন নাবিককে উদ্ধার করেছিল ওমানের নৌবাহিনী।

সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights