ইরাকে মার্কিন দূতাবাসসংলগ্ন গ্রিন জোনে ড্রোন, গুলি চালাল বিমান প্রতিরক্ষা

অনলাইন ডেস্ক

রাজধানী বাগদাদের গ্রিন জোনের আকাশে অজ্ঞাত একটি ড্রোন লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরাকি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এ সময় ছিটকে আসা স্প্লিন্টারের আঘাতে একজন আহত হয়েছেন। তবে ড্রোনটির ধরন বা কারা এটি পরিচালনা করছে তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

ইরাকি সামরিক সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্যাম্প অনার থেকে গ্রিন জোনের ওপর ড্রোনটি শনাক্ত করা হয়। এরপর লক্ষ্যবস্তুর দিকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। তবে ড্রোনটি গুলি করে ভূপাতিত করা সম্ভব হয়নি।

বাগদাদের অত্যন্ত সুরক্ষিত এই গ্রিন জোনে মার্কিন দূতাবাসসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থা এবং ইরাকি সরকারি দপ্তর অবস্থিত। এছাড়া উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিবিদরা এই এলাকায় বাস করেন।

গত ৮ এপ্রিল ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাগদাদে এ ধরনের ঘটনা এই প্রথম। যুদ্ধ শুরুর পর থেকে ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন স্বার্থ ও স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্রও এসব গোষ্ঠীর অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে, যাতে কয়েক ডজন যোদ্ধা নিহত হয়েছেন।

এদিকে, মঙ্গলবারের এ ঘটনার সময় গোলাগুলি ও ছোট ছোট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকরা।

সূত্র: আরব নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights