ইরানকে ‘নিঃশর্তভাবে’ হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান আবুধাবির

অনলাইন ডেস্ক

ইরানকে কোনো ‘শর্ত’ বা ‘অজুহাত’ ছাড়াই ‘নিঃশর্তভাবে’ হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (আদনোক) প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আল জাবের।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির প্রধান নির্বাহী।

আদনোক প্রধান বলেছেন, ‘ইরান তাদের কথা ও কাজ-উভয় মাধ্যমেই এটা পরিষ্কার করে দিয়েছে যে, এই প্রণালী দিয়ে যাতায়াত এখন অনুমতি, শর্ত এবং রাজনৈতিক প্রভাব খাটানোর বিষয়ে পরিণত হয়েছে। এটি নৌ-চলাচলের স্বাধীনতা নয়; এটি জবরদস্তি।’

রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানের প্রধান আরও বলেছেন, ‘এই প্রণালীটি কোনো রাষ্ট্র কর্তৃক নির্মিত, প্রকৌশলী দ্বারা নকশাকৃত কিংবা অর্থায়নকৃত নয়।’

সুলতান আল জাবের বলেন, ‘এটি একটি প্রাকৃতিক জলপথ যা জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন দ্বারা পরিচালিত। এই আইন যাতায়াতের বিষয়টিকে একটি অধিকার হিসেবে নিশ্চিত করে; এটি কোনো বিশেষ সুবিধা নয় যা কাউকে দেওয়া হবে, আটকে রাখা হবে কিংবা অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে।’

তিনি আরও জোর দিয়ে বলেন, ‘এই প্রণালী অবশ্যই পূর্ণাঙ্গভাবে, নিঃশর্তভাবে এবং কোনো বিধিনিষেধ ছাড়াই খোলা রাখতে হবে। জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা এর ওপর নির্ভরশীল। এই গুরুত্বপূর্ণ জলপথকে কোনোভাবেই অস্ত্র হিসেবে ব্যবহার করা মেনে নেওয়া যায় না।’

এদিকে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী প্রতিটি তেলবাহী ট্যাঙ্কার থেকে ব্যারেল প্রতি এক ডলার করে শুল্ক আদায়ের অনানুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইরান।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও জবাব দেয়। এর অংশ হিসেবে তারা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুর পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায়। গতকাল মঙ্গলবার রাতে দুই সপ্তাহ যুদ্ধবিরতির ঘোষণা আসে।

সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights