ইরানকে বাইরের বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করা সম্ভব নয় : বিশ্লেষক
অনলাইন ডেস্ক
যুদ্ধ ইরানকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কোনো ছাড় দিলে বড় ভুল হবে। একই সঙ্গে ভৌগোলিক অবস্থানের কারণে ইরানকে বাইরের বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করাও যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয় বলে মনে করছেন তেহরানভিত্তিক বিশ্লেষক আলী আকবর দারেইনি।
কৌশলগত অধ্যয়ন কেন্দ্রের এই বিশ্লেষক আল জাজিরাকে বলেন, ‘ট্রাম্পের মতো কাউকে কোনো ছাড় দিলে সব শেষ’—যুদ্ধের মধ্য দিয়ে ইরান সেটিই শিখেছে।
দারেইনির মতে, চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের কৌশলগত পরিস্থিতিতে বড় পরিবর্তন এনেছে। যুক্তরাষ্ট্রের জন্য সংঘাতের খরচ বাড়িয়ে তুলতে চেয়েছে ইরান। অন্যদিকে, এখন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে ইরানকে ‘শ্বাসরোধ’ করার চেষ্টা করছে।
তিনি বলেন, ট্রাম্প মনে করেছিলেন শক্তি প্রদর্শন ও সামরিক পদক্ষেপের হুমকি দিলে ইরান পিছু হটবে। কিন্তু তেহরান তা করেনি। মার্কিন দূত স্টিভ উইটকফও স্বীকার করেছেন যে ইরানের অবস্থানে ট্রাম্প হতাশ হয়েছেন।
দারেইনি আরও বলেন, দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার মুখেও ইরান আত্মসমর্পণ করবে না। তার দাবি, যুক্তরাষ্ট্র চাইলেও ইরানকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে পারবে না।
এর কারণ হিসেবে ইরানের ভৌগোলিক অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বাইরের বিশ্বের সঙ্গে ইরানের যোগাযোগ বিচ্ছিন্ন করা সম্ভব নয়। কারণ দেশটির স্থল ও সমুদ্রসীমা মিলিয়ে ১৫টি দেশের সঙ্গে সীমান্ত রয়েছে।’
