ইরানি জাতিকে মাথা নত করানোর শক্তি কারও নেই: পেজেশকিয়ান

অনলাইন ডেস্ক
কোনো অপশক্তিই ইরানি জাতিকে বশ্যতা স্বীকারে বাধ্য করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আন্তর্জাতিক নীতিমালায় পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ওপর সামরিক আগ্রাসন চালানো আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। আজ বুধবার তেহরান প্রদেশের জরুরি সেবা সংস্থার বিভিন্ন বিভাগ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোটের অতর্কিত হামলার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই কড়া বার্তা দিলেন। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা শাহাদাতবরণ করেন। এছাড়া কয়েকশ বেসামরিক মানুষ প্রাণ হারানোর পাশাপাশি স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এবং অর্থনৈতিক কেন্দ্রগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রেসিডেন্ট বলেন, বেসামরিক নাগরিক, শিশু এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পেছনে আন্তর্জাতিক আইন বা মানবিকতার কোনো ব্যাখ্যা থাকতে পারে না।

৪০ দিনব্যাপী যুদ্ধের পর পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি। প্রেসিডেন্ট পেজেশকিয়ান অভিযোগ করেন, মার্কিন প্রতিনিধি দলের অযৌক্তিক দাবি এবং বারবার অবস্থান পরিবর্তনের কারণে আলোচনা সফল হতে পারছে না। তিনি স্পষ্ট করে বলেন, ইরান বিশ্বজুড়ে অস্থিরতা বা যুদ্ধ চায় না এবং সবসময় গঠনমূলক সংলাপে বিশ্বাসী। তবে জোর করে ইরানের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা ব্যর্থ হবে এবং ইরানি জাতি কখনোই আত্মসমর্পণ করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights