ইরানি নাগরিকসহ ‘শয়তানের নিঃশ্বাস’ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, যশোর

‘ডেভিলস ব্রেথ’ বা ‘শয়তানের নিঃশ্বাস’-এর নামে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার মামলায় জড়িত থাকার অভিযোগে তিন ইরানি নাগরিকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়েছে।

রবিবার ইরানি নাগরিকদের যশোর শহরের হাটখোলা রোড এবং বাংলাদেশি নাগরিকদের ঢাকার ভাটারা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, গত ৮ এপ্রিল ৩/৪ জন অপরিচিত ব্যক্তি যশোরের অভয়নগর উপজেলার বর্ণি হরিশপুর বাজারে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির মুদিখানার দোকানে যায়। তারা আরবি ভাষায় কথা বলেন এবং নারিকেল তেল ক্রয়ের কথা বলে দোকানদার শরিফুলের সাথে হ্যান্ডশেক করেন। পরে মানিব্যাগ থেকে টাকা বের করে শরিফুলের মুখের কাছে নেন। এতে শরিফুল অজ্ঞান হয়ে পড়েন এবং লোকগুলোর কথা মতো কাজ করতে থাকেন। ওই ব্যক্তিরা দোকানে থাকা প্রায় ৬ লাখ টাকা নিয়ে চলে যান।
এ ব্যাপারে শরিফুলের ছেলে বাদী হয়ে গত ৫ মে অভয়নগর থানায় মামলা করলে ডিবি পুলিশ বিষয়টির তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে প্রাইভেটকারের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে এ ঘটনায় জড়িতদের নাম-ঠিকানা শনাক্ত করা হয়। ৭ মে রাতে ঢাকার ভাটারা এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ আলম, সাইদুল ইসলাম বাবু নামে দুইজনকে আটক করা হয়।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী যশোর শহরের হাটখোলা রোডের সিটি প্লাজা হোটেল থেকে রবিবার রাতে ইরানি নাগরিক মাহবুবী (৫৪), ফারিবোর মাসুফি (৫৭) ও সালার মাহবুবীকে (১৬) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, ৪,৩৫৯ মার্কিন ডলার, ৩২৫ ভারতীয় রূপি, ১৮ লাখ ৮০ হাজার ইরানি মুদ্রা, ১০০০ ইরাকের মুদ্রা, ১৮৫ নেপালি মুদ্রা, ১০০০ ভিয়েতনামি মুদ্রা ও ৫৪ হাজার ৭০০ বাংলাদেশি টাকা, তিনটি পাসপোর্ট ও ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেফতার আসামিরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য এবং তারা ‘শয়তানের নিঃশ্বাস’র মাধ্যমে যশোর, খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় এ ধরনের প্রতারণা করে আসছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights