ইরানের আর ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা নেই: নেতানিয়াহু

অনলাইন ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, টানা ২০ দিনের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার ফলে ইরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রাখে না।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা বিজয়ী হচ্ছি, আর ইরান ধ্বংস হয়ে যাচ্ছে।

তিনি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং তা পুরোপুরি ধ্বংস করা হবে।

নেতানিয়াহু বলেন, ইসরায়েল এখন এমন সব কারখানায় হামলা চালাচ্ছে যেখানে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র তৈরির সরঞ্জাম তৈরি করা হয়। এসব স্থাপনাকে ধ্বংস করার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

তবে ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা হারিয়েছে—এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত শূন্যে নামিয়ে আনার বিষয়ে সম্মত হয়েছিল বলে জানিয়েছিলেন বদর বিন হামাদ আল-বুসাইদি। কিন্তু ওই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়।

এর জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলেও বাধা সৃষ্টি করছে বলে জানা গেছে।

প্রায় তিন সপ্তাহ ধরে চলমান এই সংঘাত এখনো মূলত আকাশপথেই সীমাবদ্ধ রয়েছে। তবে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, স্থল অভিযানের সম্ভাবনাও রয়েছে এবং এ বিষয়ে বিভিন্ন বিকল্প তাদের হাতে আছে।

যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে জড়ানোর অভিযোগও নাকচ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প-এর মতো একজন প্রেসিডেন্টকে অন্য কেউ কী করতে হবে তা বলে দিতে পারে—এমনটা বিশ্বাস করার কোনো কারণ নেই।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights