ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন প্রস্তাব ট্রাম্পের

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি ২০ বছরের জন্য স্থগিত রাখে তাহলে তিনি সম্মতি দিতে পারেন। তবে শর্ত হলো, তাদের প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবসম্মত হতে হবে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে ট্রাম্পের এমন মন্তব্যকে একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্প জানান, তেহরান যদি আন্তরিকভাবে তাদের পরমাণু কার্যক্রম থেকে দুই দশক দূরে থাকার অঙ্গীকার করে, তবে তিনি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন। এ বিষয়ে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘২০ বছর যথেষ্ট। তবে তাদের পক্ষ থেকে যে নিশ্চয়তা দেওয়া হবে, সেটি সত্যিকারের ২০ বছরের নিশ্চয়তা হতে হবে।’

এর আগে ট্রাম্প বারবার দাবি করে আসছিলেন, ইরানকে স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে। তিনি স্পষ্ট বার্তায় বলেছিলেন, ভবিষ্যতের কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এই সংকট রেখে যেতে চান না।

এদিকে, ইরান ইস্যুতে আমি আর বেশি ধৈর্য ধরব না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি আর বেশি ধৈর্য ধরতে যাচ্ছি না। ইরানের চুক্তিতে আসা উচিত।’ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা ও ইরানি বাহিনীর আরব আমিরাত উপকূলের কাছে একটি জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার খবর প্রকাশের পর তিনি ধৈর্য হারাচ্ছেন বলেও জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালি ঘিরে চলমান সংকটের মধ্যেই বেইজিংয়ে বৈঠক করেন ট্রাম্প ও শি। হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতা একমত হয়েছেন যে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খোলা রাখা জরুরি। সূত্র: রয়টার্স, আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights