ইরানের শীর্ষ জেনারেল দিলেন কড়া হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি কড়া বার্তায় জানিয়েছেন, তার দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হঠকারিতা বা দুঃসাহসিক পদক্ষেপ শত্রুদের জন্য কেবল কৌশলগত পরাজয়ই বয়ে আনবে না, বরং তাতে পুরো যুদ্ধ ছড়িয়ে যাবে।

শনিবার বিমানবাহিনী দিবস সংশ্লিষ্ট কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাহমান বেহমারদকে দেওয়া এক বার্তায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়ার যেকোনো চেষ্টা আঞ্চলিক সংকটকে এমন পর্যায়ে নিয়ে যাবে যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

জেনারেল মুসাভি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত। তারা শত্রুকে দ্রুত জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি দাবি করেন, বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে ইরানের বিমানবাহিনী তাদের সক্ষমতা এবং আধুনিকায়নের মাধ্যমে সর্বোচ্চ স্তরের প্রস্তুতি বজায় রেখেছে। বিশেষ করে গত বছরের জুনে ইসরায়েল ও আমেরিকার চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশটি তাদের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক শক্তি আরও বৃদ্ধি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরান নিজে থেকে কখনোই কোনো যুদ্ধ শুরু করবে না। তবে নিজ দেশের নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় তারা বিন্দুমাত্র দ্বিধা করবে না।

জেনারেল মুসাভি সতর্ক করে দেন, ইরানের ওপর যেকোনো হামলার সমর্থনকারী পক্ষগুলোকেও এর জন্য ভয়ংকর মূল্য দিতে হবে।

সূত্র: প্রেস টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights