ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক

চলমান যুদ্ধের উত্তেজনা অবসানের লক্ষ্যে আলোচনা করতে চাইলে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় রবিবার (২৭ এপ্রিল) ফক্স নিউজের জ্যাকি হেনরিকের সঙ্গে ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা যদি কথা বলতে চায়, তবে আমাদের কাছে আসতে পারে। অথবা আমাদের ফোন করতে পারে। আপনারা জানেন, টেলিফোন আছে। আমাদের চমৎকার, সুরক্ষিত লাইন রয়েছে।

তিনি আরও বলেন, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই যুক্তরাষ্ট্রের জন্য রেড লাইন বা অলঙ্ঘনীয় সীমা। পারমাণবিক অস্ত্র পেলে ইসরায়েল কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। তাই আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দিতে পারি না। এটি যুক্তরাষ্ট্রের আগের প্রেসিডেন্টদেরেই করা উচিত ছিল। এটা বছরের পর বছর ধরে ধরে করা উচিত ছিল। এটা চলে আসছে এবং কেউ এ ব্যাপারে কিছু করেনি। আমাদের এটা করতেই হতো।

তিনি আরও বলেন, আমাদের সর্বকালের সেরা অর্থনীতিকে আমি কাজে লাগিয়েছিলাম। আমি বলেছিলাম আমাদের একটু ভিন্ন পথে যেতে হবে এবং এটা ঘটতে দেওয়া বন্ধ করতে হবে, সেটাই হয়েছে। আমরা একটি দুর্দান্ত কাজ করেছি, যুদ্ধ শিগগিরই শেষ হবে এবং আমরা খুব বিজয়ী হব। কিন্তু তারা পারমাণবিক অস্ত্র পেতে পারে না।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাগচি ইসলামাবাদ থেকে মস্কোর উদ্দেশে রওনা হয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যস্থতাকারীরা তেহরান-ওয়াশিংটন আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখার আশা করছেন।

এর আগে আরাগচি মাস্কাট সফর সেরে আবারও পাকিস্তানে যান। কিন্তু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

সূত্র: ফক্স নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights