ইরানের হামলার ভয়, মোবাইল ও কম্পিউটারের ট্রাকার বন্ধ রাখছে মার্কিন বাহিনী

অনলাইন ডেস্ক
ইরানের হামলার আশঙ্কায় মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তাদের মোবাইলফোন ও কম্পিউটারে থাকা ‘অ্যাড ট্র্যাকার’ বা মোবাইল অ্যাডভার্টাইজিং আইডি (এমএআইডি) নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। মার্কিন সিনেটর রন ওয়াইডেনের একটি চিঠিতে এ তথ্য উঠে এসেছে। গত শুক্রবার চিঠিটি প্রকাশ করা হয়। খবর রয়টার্সের।

রয়টার্সকে একাধিক মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, তাঁদের ব্যবহৃত বিভিন্ন ধরনের মোবাইলফোন ও কম্পিউটারে থাকা ‘অ্যাড ট্র্যাকার’ বন্ধ করে দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের অবস্থান শনাক্ত করে হামলার লক্ষ্যবস্তু বানাতে ইরান বাণিজ্যিকভাবে পাওয়া লোকেশন ডেটা ব্যবহার করছে—এমন আলোচনা চলার মধ্যেই সামরিক বাহিনীর এ পদক্ষেপের তথ্য সামনে এল।

‘অ্যাড ট্র্যাকার’ এমন একটি প্রযুক্তি, যা মুঠোফোন বা কম্পিউটার ব্যবহারকারীর অবস্থান, ব্রাউজিংয়ের তথ্য, অ্যাপ ব্যবহারের ধরন এবং অন্যান্য অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ ও অনুসরণ করতে পারে। সাধারণত এসব তথ্য ব্যবহারকারীর জন্য লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন প্রদর্শনে কাজে লাগানো হয়।

মার্কিন বিমানবাহিনী সিনেটর ওয়াইডেনকে জানিয়েছে, প্রায় দুই মাস আগে তাদের কম্পিউটার ও মুঠোফোনে থাকা ‘অ্যাড ট্র্যাকার’ নিষ্ক্রিয় করা হয়েছে। অপর একটি চিঠিতে মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ড জানিয়েছে, সম্প্রতি তাদের উইন্ডোজচালিত ডিভাইসগুলোয় থাকা এ ধরনের শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করা হয়েছে।

অন্যদিকে, মার্কিন সেনাবাহিনী রয়টার্সকে জানিয়েছে, চলতি বছরের শুরু থেকেই তাদের মুঠোফোনে থাকা ‘অ্যাড ট্র্যাকার’ নিষ্ক্রিয় রয়েছে।

ওরেগনের ডেমোক্র্যাট সিনেটর রন ওয়াইডেন কয়েক মাস ধরে এ বিষয়ে পেন্টাগনের কাছে জবাবদিহি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছেন।

ওয়াইডেনকে দেওয়া মার্কিন সেনাবাহিনী ও নৌবাহিনীর পৃথক চিঠিতে বলা হয়েছে, সামরিক বাহিনীর ডিভাইসগুলোয় বিজ্ঞাপন আইডি নিষ্ক্রিয় করা হয়েছে। তবে এসব বিধিনিষেধ ঠিক কোন সময় থেকে কার্যকর করা হয়েছে, সে বিষয়ে চিঠিগুলোতে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উইন্ডোজচালিত কম্পিউটারগুলোয় বিজ্ঞাপন আইডি ২০২১ সালের আগে থেকেই বন্ধ রয়েছে। তবে অ্যান্ড্রয়েড ও অ্যাপলের মুঠোফোনে অন্তত ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এটি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

নৌবাহিনীর বক্তব্য জানতে পাঠানো রয়টার্সের বার্তার কোনো জবাব পাওয়া যায়নি।

স্মার্টফোনের মাধ্যমে ব্যবহারকারীর অবস্থানসংক্রান্ত তথ্য বা লোকেশন ডেটা সংগ্রহের সুযোগ কমানোর এ পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হয়েছে, যখন মার্কিন সামরিক কর্মকর্তারা সামগ্রিকভাবে সামরিক সদস্যদের ফোন ব্যবহারে আরও কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়টি বিবেচনা করছেন।

এ বিষয়ে ওয়াইডেন এবং নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান প্রতিনিধি প্যাট হ্যারিগান গত শুক্রবার পেন্টাগনের কাছে একটি চিঠি পাঠিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। সামরিক বাহিনী ও এর সদস্যদের অবস্থানসংক্রান্ত তথ্য কেনাবেচার সঙ্গে যুক্ত ঝুঁকি যথাযথভাবে মোকাবিলা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে চিঠিতে আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন শাখার কাছ থেকে পাওয়া তথ্যও সংযুক্ত করা হয়েছে। সেখানে সামরিক বাহিনীর মুঠোফোন ও কম্পিউটারে ‘অ্যাড আইডি’ নিষ্ক্রিয় করার বিষয়ে সংশ্লিষ্ট শাখাগুলোর নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়েছে।

মোবাইল অ্যাডভার্টাইজিং আইডি বা এমএআইডি হলো প্রতিটি ডিভাইসের সঙ্গে যুক্ত একটি স্বতন্ত্র শনাক্তকারী ব্যবস্থা। এর মাধ্যমে বিভিন্ন মুঠোফোন অ্যাপে ব্যবহারকারীর কার্যকলাপ অনুসরণ করার পাশাপাশি তাঁর অবস্থান শনাক্ত করাও সম্ভব।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। যুদ্ধের শুরুতে মার্কিন নেতৃত্বের প্রত্যাশা ছিল, ইরানের ওপর ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক চাপ তেহরানের নেতৃত্বকাঠামোয় পরিবর্তন আনতে সক্ষম হবে। তবে ছয় মাস পর এখন স্পষ্ট, সেই প্রত্যাশা পূরণ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights