ইরানে ইন্টারনেটের বিধিনিষেধ শিথিল হওয়ার খবর

অনলাইন ডেস্ক

যোগাযোগ ব্যবস্থার ওপর আরোপিত বিধিনিষেধ ইরান সরকার শিথিল করতে শুরু করেছে বলে সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

এসব খবরের বরাত দিয়ে বিবিসি অ্যারাবিক জানায়, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর এই প্রথম আবার ল্যান্ডলাইন ফোনে আন্তর্জাতিক কল করার সুযোগ পাওয়া গেছে।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, ইন্টারনেট সেবাও আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে এবং প্রায় ৫০ দিনের বন্ধের পর গুগলের সেবাগুলো আবার ব্যবহার করা যাচ্ছে।

তবে সেবাগুলো এখনো ঝামেলাহীন নয় এবং মোবাইল ফোন কল এখনো বন্ধ রয়েছে।

ফেব্রুয়ারির ২৮ তারিখে হামলা শুরু হওয়ার পর ইরানি সরকার ইন্টারনেটের ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করে। সে সময় শুধু তথাকথিত “জাতীয় ইন্টারনেট” ব্যবহারের অনুমতি দেওয়া হয়, যা রাষ্ট্র-অনুমোদিত সাইটে সীমাবদ্ধ।

তবে সামরিক বাহিনী ও কিছু সরকারি সংস্থার সীমিত সংখ্যক প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল।

তেহরান কর্তৃপক্ষ এসব পদক্ষেপের পেছনে নিরাপত্তার যুক্তি দেখালেও, পর্যবেক্ষকদের অনেকের ধারণা—এর উদ্দেশ্য ছিল সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দেশের ভেতরে যুদ্ধের প্রভাব ও পরিণতি সংক্রান্ত তথ্যের বিস্তার সীমিত করা। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights