ইরানে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় যা বলল রাশিয়া

অনলাইন ডেস্ক
ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে হামলাকে ‘উদ্বেগজনক ও উত্তেজনা বাড়ানোর পথ’ বলে অভিহিত করেছেন।

রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোররাতে ইসরায়েলি বিমানবাহিনী তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক হামলা চালায়। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক কমান্ড কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করা হয়।

রাশিয়ার পক্ষ থেকে এই ঘটনায় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং উভয় পক্ষকে সংযত আচরণ ও আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানানো হয়েছে।

এদিকে, ইরানে ইসরায়েলি হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যজুড়ে। শুক্রবার ভোরে তেহরানে হামলার ঘটনায় এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ।

এ হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের এই অভিযানের পরিকল্পনা সম্পর্কে তিনি আগেই অবগত ছিলেন, তবে এতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কোনো ধরনের ভূমিকা রাখেনি বলেও স্পষ্ট করেছেন তিনি।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এখনো ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আগ্রহী। তিনি মনে করেন, ইরানের পারমাণবিক বোমা থাকতে পারে না এবং আমরা আলোচনার টেবিলে ফিরে আসার আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights