ইরানে ইসরায়েলের হামলায় ২১ মুসলিম দেশের নিন্দা

অনলাইন ডেস্ক

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশরসহ ২১টি মুসলিম দেশ। নিন্দা জানানোর পাশাপাশি দুই পক্ষের মধ্যকার উত্তেজনা কমানো ও পারমাণবিক নিরস্ত্রীকরণে পক্ষপাতহীন উদ্যোগ এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছে দেশগুলো।

সোমবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলআত্তির উদ্যোগে এই যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই পদক্ষেপ নেন তিনি।

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া দেশগুলো হলো, তুরস্ক, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, বাহরাইন, ব্রুনেই, চাঁদ, গাম্বিয়া, আলজেরিয়া, কোমোরোস, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া, মিশর ও মরিতানিয়া।

এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলের ইরানে হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে নিন্দা জানান।

বিবৃতিতে জাতীয় সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং সুশীল প্রতিবেশ নীতির প্রতি সম্মান জানানো এবং সব বিরোধ শান্তিপূর্ণ উপায়ে মীমাংসার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, তারা এই সংঘর্ষ ও উত্তেজনার ভয়াবহ বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন। তারা সতর্ক করেন যে, এটি পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর পরিণতি বয়ে আনতে পারে।

তারা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ওপর সব ধরনের আক্রমণ বন্ধের দাবি জানান। একইসঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির লক্ষ্যে তাৎক্ষণিকভাবে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান।

গত শুক্রবার প্রথম ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় একযোগে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইরানের হামলায় অন্তত ২৪ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হয়েছে। অন্যদিকে ইরান জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত তাদের ২২৪ জন নিহত। আর আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ।

সূত্র : আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights