ইরানে দূতাবাস বন্ধ করল নিউজিল্যান্ড
অনলাইন ডেস্ক
ইরানে নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার এক বিবৃতিতে দেশটির সরকার জানায়, দূতাবাসের সব কূটনীতিককে নিরাপদে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, বাণিজ্যিক বিমানের মাধ্যমে কূটনৈতিক কর্মীরা ইরান ত্যাগ করেছেন। নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে না থাকায় তেহরানে দূতাবাসের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে এবং এখন থেকে ইরান-সংক্রান্ত সব কূটনৈতিক কাজ তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে পরিচালিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ইরান ভ্রমণের বিষয়ে আগের সতর্কতা বহাল রয়েছে। নিউজিল্যান্ড সরকার তাদের নাগরিকদের ইরানে যেকোনো ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে। একই সঙ্গে বর্তমানে যারা ইরানে অবস্থান করছেন, তাদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরানে থাকা নিউজিল্যান্ডের নাগরিকদের জন্য কনস্যুলার সহায়তা দেওয়ার সক্ষমতা এখন ‘অত্যন্ত সীমিত’। তীব্র যোগাযোগ সমস্যার কারণে দেশটির ভেতরে অবস্থানরত নাগরিকদের সঙ্গে যোগাযোগ করাও কঠিন হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে ইরানে অবস্থানরত নিউজিল্যান্ডের নাগরিকদের পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে সরকার।
সূত্র : এএফপি
