ইরানে নতুন হামলার শঙ্কায় বিশ্ববাজারে ৪ বছরে সর্বোচ্চ জ্বালানির দাম

অনলাইন ডেস্ক
ইরানে নতুন করে মার্কিন হামলার শঙ্কায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে ব্রিফিং দেওয়া হতে পারে, এমন খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) একপর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১২৬ ডলার ছাড়িয়ে যায়। যদিও দিনের শেষভাগে তা কিছুটা কমে ১১৪ ডলারে নামে। ইউক্রেন যুদ্ধের পর তেলের দামে এমন ঊর্ধ্বগতি আর দেখা যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ায় দেশটির ওপর ‘স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী’ বিমান হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এছাড়া কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সচল করতে সেখানে পদাতিক সেনা পাঠানোর মতো কঠোর পদক্ষেপও ট্রাম্পের বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, নতুন করে ইরানে হামলা হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় ধস নামাতে পারে। শুধু জ্বালানি নয়, খাদ্যপণ্যের দাম ও উড়োজাহাজের ভাড়াও আকাশচুম্বী হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

দুই মাস ধরে চলা ইরান যুদ্ধের পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথ হরমুজ প্রণালি এখনও বন্ধ রয়েছে। বিশ্বে মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশই সরবরাহ হয় পথটি দিয়ে। প্রণালিটি বন্ধ থাকার কারণে অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights