ইরানে ফের হামলা চালাতে ট্রাম্পকে ফুসলাচ্ছেন নেতানিয়াহু, উদ্বিগ্ন আরবরা

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের ওপর আবারও বিমান হামলা শুরু করার জন্য প্রতিদিন ফোন করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনের এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আলোচনার বিষয়ে ওয়াকিবহাল এক ব্যক্তিকে উদ্ধৃত করে বলা হয়েছে, নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধ পুনরায় শুরু করার জন্য প্রতিদিনই ফোন করছেন। তবে হোয়াইট হাউসের ভেতরে এবং বাইরে যারা নতুন করে যুদ্ধ চান না, তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টাকে প্রতিহত করার চেষ্টা চালাচ্ছেন। ওই ব্যক্তি আরও জানান, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নেতারা ট্রাম্পকে সংঘাত না বাড়িয়ে বরং আলোচনাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিচ্ছেন।

ইসরায়েলের ভেতরের পরিস্থিতি সম্পর্কে অবগত আরেকটি সূত্র জানিয়েছে যে, নেতানিয়াহু ইরানের ওপর হামলা চালাইতে আগ্রহী হলেও ট্রাম্পকে সেটিতে রাজি করানোর মতো কোনো বড় ধরনের চাপ বা প্রেক্ষাপট এই মুহূর্তে নেই।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সাময়িক চুক্তির জন্য মধ্যস্থতা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার সরকার। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানির সাথে আলোচনার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ওপর নতুন করে কোনো সামরিক হামলা চলার সম্ভাবনা এই মুহূর্তে কম।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ অন্যান্য দেশগুলো এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি বহাল রাখতে চায়। অর্থাৎ তারা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নৌ অবরোধ এবং নতুন ‘অপারেশন আয়রন গেট’ অব্যাহত রাখার পক্ষপাতি। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন যে, নতুন করে হামলার বদলে তিনি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ বহাল রাখাকেই বেশি গুরুত্ব দিতে চান। তিনি আরও উল্লেখ করেন যে, এই সংঘাত সমাপ্তির দিকে একটি ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে এবং মার্কিন স্বার্থ সর্বদা সুরক্ষিত রাখার বিষয়টি নিশ্চিত করা হবে।

অন্যদিকে, ট্রাম্পকে আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে নেতানিয়াহুর এই অবিরাম চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আরব ও মুসলিম বিশ্বের নেতারা। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান প্রত্যেকেই এই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করে নিজেদের মতামত ও উদ্বেগের কথা জানিয়েছেন।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights