ইরান পরিস্থিতি : সর্বশেষ আপডেট এক নজরে
অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠছে। নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা আক্রমণের খবর আসছে একের পর এক। তেহরানসহ ইরানের কয়েকটি শহরে হামলার পর রাজধানীর আকাশে ধোঁয়ার স্তম্ভ দেখা গেছে।
এক নজরে সবশেষ খবর
ইসরায়েল নতুন করে তেহরানে হামলা চালিয়েছে। হামলার পর রাজধানীর আকাশে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। একটি রেড ক্রিসেন্ট ক্লিনিকও ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আলোচনায় আসতে চায়। তবে যুদ্ধ থামাতে এখনো কোনো চুক্তি হয়নি। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালি খোলা রাখতে ন্যাটো মিত্রদের সহযোগিতা চেয়েছেন।
ড্রোন হামলার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুন লাগার ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সৌদি আরব জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলে অন্তত ৬০টি ড্রোন প্রতিহত করা হয়েছে।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইরাকি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বাগদাদে মার্কিন দূতাবাস এবং বালাদ বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ইরানপন্থী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের একটি ঘাঁটিতে হামলায় তিনজন আহত হয়েছেন।
অস্ট্রেলিয়া ও জাপান জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ পাহারা দিতে যুদ্ধজাহাজ পাঠাবে না।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তেহরান, হামাদান, ইসফাহানসহ একাধিক শহরে অব্যাহত রয়েছে। এর মধ্যে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। সেখানে নিহতের সংখ্যা বেড়ে ৮৫০ জনে পৌঁছেছে, যার মধ্যে শতাধিক শিশু রয়েছে।
ইসরায়েল লেবানন সীমান্তে ট্যাংক ও সেনা জড়ো করছে বলেও জানা গেছে।
যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতেও। চলমান সংঘাতের কারণে টানা তৃতীয় দিনের মতো জাপানের শেয়ারবাজারে পতন দেখা গেছে। নিক্কেই ২২৫ সূচক ১ দশমিক ৩ শতাংশ কমে ৫৩১৩৮ দশমিক ৪২ পয়েন্টে নেমেছে। টপিক্স সূচকও কমেছে ০ দশমিক ৭ শতাংশ।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে জাপানের নিক্কেই সূচক ৯ শতাংশের বেশি কমেছে।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্রিয় রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অস্কার অনুষ্ঠানে কিছু অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। স্প্যানিশ অভিনেতা জাভিয়ার বারদেম অনুষ্ঠানে যুদ্ধবিরোধী বার্তা লেখা ব্যাজ পরে উপস্থিত হন।
সূত্র: আল জাজিরা
