ইরান-যুক্তরাষ্ট্রকে আলোচনার ফেরার তাগিদ চীনের
অনলাইন ডেস্ক
নিষেধাজ্ঞার হুমকির মধ্যেই যুক্তরাষ্ট ও ইরানের মধ্যে চলা সংঘাত নিরসনে আবারও আলোচনার টেবিলে ফেরার তাগিদ দিয়েছে চীন। শুক্রবার (২৮ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র লিন জিয়ান বলেন, একতরফা নিষেধাজ্ঞার মাধ্যমে এই বিরোধের সমাধান সম্ভব নয়।
নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র ইরানের বিষয়ে বলেন, আলোচনা ও সমঝোতাই একমাত্র কার্যকর উপায়। তিনি জোর দিয়ে বলেন, চীন অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার বিরোধী এবং এ বিষয়ে আমাদের অবস্থান সুসংগত ও স্পষ্ট। জোরপূর্বক চাপ প্রয়োগকারী অর্থনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে বেইজিংয়ের অবস্থান সবসময়ই অটল।
ইরানের সঙ্গে সম্পর্কযুক্ত চীনা আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের মন্তব্যের পরই বেইজিংয়ের পক্ষ থেকে এই বিবৃতিটি এল। বৃহস্পতিবার ওভাল অফিসে এ ধরনের কোনো পদক্ষেপের পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নে ট্রাম্প বলেন, কে বলল, আমি তা করছি না? আমি তা করছি কি না, তা তো আপনারা জানেন না। আসলে সবকিছুর ঘোষণা দেওয়ার তো প্রয়োজন নেই, তাই না?
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন, তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা বর্তমানে স্থবির হয়ে আছে। তিনি জানান, ওয়াশিংটন তার অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক চাপ জোরদার করছে এবং প্রেসিডেন্ট সব বিকল্পই খোলা রেখেছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি, ডন।
