ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা হবে রুদ্ধদ্বার: ট্রাম্প

অনলাইন ডেস্ক

ইরান সংকট নিয়ে পাকিস্তানে আসন্ন আলোচনা রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য কেবল একগুচ্ছ অর্থবহ প্রস্তাবই এই আলোচনার ভিত্তি হবে। তবে আলোচনার বিস্তারিত বিষয় সম্পর্কে তিনি আর কোনো তথ্য দেননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “এই বিষয়গুলোর ওপর ভিত্তি করেই আমরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছি। এটি অত্যন্ত যৌক্তিক একটি বিষয় এবং সহজেই তা বাস্তবায়ন করা সম্ভব।”

ওদিকে, এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তিনি আশা করছেন, আগামী শুক্রবার থেকেই এই আলোচনা শুরু হবে এবং তা খুব দ্রুতই একটি পরিণতির দিকে যাবে।

এর আগে বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, দুই দেশ দুই সপ্তাহের যুদ্ধবিরতি মেনে নেওয়ার পর আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছাবে।

হোয়াইট হাউজ বুধবার জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও অন্যান্য শীর্ষ আলোচকদেরকে পাকিস্তানে আলোচনার জন্য পাঠাচ্ছেন।

ভ্যান্সের সঙ্গে যাবেন বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার, জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট।

তিনি জানান, পাকিস্তানের স্থানীয় সময় শনিবার সকালে আলোচনা শুরু হবে।

লেভিট বলেন, “আমরা এই সরাসরি বৈঠকের দিকে তাকিয়ে আছি।”

প্রতিনিধি দলটি ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights