ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের নিরাপত্তা সতর্কতা

অনলাইন ডেস্ক
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা আরও তীব্র হওয়ায় বিশ্বব্যাপী অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

শনিবার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে এবং যেকোনো সময় পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।

সতর্কবার্তায় বিশ্বজুড়ে থাকা মার্কিন নাগরিকদের স্থানীয় পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে দেওয়া নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

পররাষ্ট্র দপ্তর আরও জানায়, বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল এবং আকাশপথ বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক ভ্রমণে বিঘ্ন সৃষ্টি হতে পারে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এ সতর্কতা জারির কয়েক ঘণ্টা আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, শুক্রবার জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন।

এর ফলে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। সূত্র : ফক্স নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights