ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক হবে ওমানে?

অনলাইন ডেস্ক
ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল আলোচিত পরমাণু আলোচনা। এর আগে তুরস্কের ইস্তাম্বুলে এই বৈঠক হওয়ার কথা থাকলেও ইরানের পক্ষ থেকে ভেন্যু এবং আলোচনার ধরন পরিবর্তনের অনুরোধ জানানোর পর শেষ পর্যন্ত ওমানকেই চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

মার্কিন গণমাধ্যম এক্সিওসের বরাতে জানা গেছে, আগামী শুক্রবার এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।

মূল পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির ইস্তাম্বুলে বসার কথা ছিল। তবে তেহরান চাচ্ছে এই আলোচনা সরাসরি এবং নতুন কোনো ফরমেটে আয়োজন করতে।

আরব অঞ্চলের একটি সূত্রের বরাত দিয়ে এক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ জানান, ওয়াশিংটন শেষ পর্যন্ত ইরানের এই প্রস্তাবে সম্মতি দিয়েছে। আলোচনায় কাতার, মিশর এবং তুরস্কের মতো আঞ্চলিক দেশগুলো পর্যবেক্ষক হিসেবে অংশ নেবে কি না, তা নিয়ে এখনো দেনদরবার চলছে।

তবে এখন পর্যন্ত এই বৈঠকের বিষয়ে হোয়াইট হাউস, তেহরান কিংবা মাস্কাটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। গত কয়েক দিন ধরেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হওয়ার খবর আসছিল।

সূত্র: আনাদোলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights