ইরান যুদ্ধ নিয়ে আমেরিকার তীব্র নিন্দা করলেন মামদানি

অনলাইন ডেস্ক

ইরান যুদ্ধের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই যুদ্ধকে অনর্থক আখ্যা দিয়ে এর কঠোর সমালোচনা করেন।

মামদানি বলেন, আজ থেকে তিন মাস আগে এমন একটি যুদ্ধ শুরু হয়েছিল, যার জন্য কেউ ভোট দেয়নি এবং এর মূল্য দিতে হয়েছে এমন মানুষদের যাদের এ বিষয়ে কোনো মতামত দেওয়ার সুযোগই ছিল না। চলমান এই যুদ্ধ বিদেশে থাকা বেসামরিক নাগরিক এবং দেশের শ্রমজীবী ​পরিবার উভয়েরই ব্যাপক ক্ষতিসাধন করছে বলে তিনি মন্তব্য করেন।

পোস্টে নিউইয়র্ক সিটির মেয়র উল্লেখ করেন, এই রক্তক্ষয়ী যুদ্ধে ইতিমধ্যে হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। পাশাপাশি যে ১৩ জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন, তারা আর কখনো তাদের পরিবারের কাছে ফিরতে পারবেন না। যুদ্ধের বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রভাবের কথা তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে এবং আমাদের শহরের আমেরিকানরা এ যুদ্ধের কারণে পেট্রোল পাম্প ও মুদি দোকানের পণ্যসামগ্রীর দাম বাড়তে দেখেছেন। কংগ্রেসের একটিও ভোট ছাড়াই শুরু হওয়া এ যুদ্ধের কারণে সাধারণ মানুষের পারিবারিক বাজেটও চরম চাপের মধ্যে পড়েছে। প্রথম দিন থেকেই এই যুদ্ধের বিরোধিতা করে আসছেন উল্লেখ করে জোহরান মামদানি দৃঢ়তার সাথে বলেন, তিনি এখনও এর বিরোধিতা করেন এবং যেকোনো মূল্যে এটার অবসান ঘটাতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights