ইশতেহারে ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের বার্তা দিলেন শিশির মনির

সুনামগঞ্জ প্রতিনিধি
ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের বার্তা দিয়ে ২০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শিশির মনির।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ-২ আসনের সরমঙ্গল এলাকায় আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করেন তিনি। এ সময় বিভিন্ন ধর্ম, শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করে।

ইশতেহার ঘোষণাকালে শিশির মনির বলেন, ‘দিরাই-শাল্লাবাসী কয়, কথায় নয়, কাজে পরিচয়। এই দর্শনকে সামনে রেখেই আমার ইশতেহার প্রণয়ন করা হয়েছে।’ তিনি জানান, সমাজে বিভক্তি নয়, বরং ঐক্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

অনুষ্ঠানে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, কৃষক, শ্রমিক, জেলে, প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

শিশির মনির বলেন, ‘অনেকে ঐক্যের বিপক্ষে কথা বলেন কিংবা কে পক্ষে কে বিপক্ষে তা নিয়ে বিভাজন সৃষ্টি করতে চান। আমরা তা মেনে নেই না। আবার কেউ কেউ সাম্প্রদায়িকতার প্রসঙ্গ তুলতে চান। আমরা এই সমাজকে সম্প্রীতি ও বৈচিত্র্যের বন্ধনে আবদ্ধ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা কোনো বিভক্তি চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতির বিনাশ চাই না। ঐক্যের ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে দিরাই-শাল্লাকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।’

শিশির মনিরের ঘোষিত ২০ দফার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো— দুর্নীতি দমন ও প্রতিরোধ, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও চিকিৎসা সেবার উন্নয়ন, যাতায়াত ও অবকাটামোগত উন্নয়ন, প্রশাসনিক উন্নয়ন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রদান, কৃষি ও কৃষিকল্যাণ বিষয়ে করণীয়, পরিবেশ ও
জলবায়ুর দূষণ রোধ।

এ সময় তিনি জানান, ইশতেহারের পাশাপাশি ৩৫০ পৃষ্ঠার একটি বিস্তারিত উন্নয়ন পরিকল্পনাও তাঁর রয়েছে। এতে দিরাই-শাল্লা অঞ্চলের কোথায় কী ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে, তা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights