ইসরায়েলি অস্ত্র কারখানায় ইরানের ড্রোন হামলা

অনলাইন ডেস্ক

ইসরায়েলের গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন কেন্দ্রে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী ও সাধারণ নাগরিকদের হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

‘অপারেশন ট্রু প্রমিস ৪’ অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়।

ইরানি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, তাদের চালিত ড্রোনগুলো সরাসরি ইসরায়েলের বিখ্যাত অস্ত্র ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েলের একটি কমপ্লেক্সে আঘাত হেনেছে। তেহরানের দাবি, এই কেন্দ্রটি ইসরায়েলি বাহিনীর জন্য গাইডেড অস্ত্র ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত আধুনিক প্রযুক্তি এবং বিভিন্ন ঘাতক সরঞ্জাম সরবরাহ করে আসছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাফায়েল কমপ্লেক্সটি ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন কেন্দ্রগুলো তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা ইরানের বেসামরিক জনপদে হামলার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।

২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে হত্যার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এর ফলে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে। এরই পাল্টা জবাবে ইরান এখন ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইসরায়েলি ভূখণ্ড এবং ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।

সূত্র: তাসনিম নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights