ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরের পাশে জ্বলছে আগুন

অনলাইন ডেস্ক

পাল্টা প্রতিশোধের অংশ হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে দুই শতাধিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইরান। এ হামলার মধ্যেই রাজধানী তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরের পাশে আগুন জ্বলতে দেখা গেছে।

শুক্রবার রাতে এই খবর জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১৩।

ইসরায়েল হাওম নামের আরেকটি সংবাদমাধ্যম বলছে, মধ্য ইসরায়েলের অন্তত সাতটি জায়গায় ইরান থেকে উড়ে আসা মিসাইল আঘাত হেনেছে।

তেল আবিব শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও রয়টার্সকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এর আগে. শুক্রবার ভোরে ইরানে ২০০ যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় দখলদার ইসরায়েল। এ হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়। ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, আইআরজিসির বিমানবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহসহ অন্তত ২০ জন কমান্ডার নিহত হন। এ হামলায় সব মিলিয়ে অন্তত ৭৮ জনের প্রাণহানি এবং তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

এর প্রায় ১২ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যায় আবারও নতুন করে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার জবাব দিতে শুরু করেছে ইরান। শুক্রবার সন্ধ্যার পর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে তেহরান।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা, সেগুলো লক্ষ্যভ্রষ্ট করতে কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights