ইসরায়েলি হামলায় হামাসের প্রধান মধ্যস্থতাকারী খলিল আল-হাইয়ার ছেলে নিহত

অনলাইন ডেস্ক

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান মধ্যস্থতাকারী খলিল আল-হাইয়ার ছেলে আজম আল-হাইয়া নিহত হয়েছেন। হামাসের সিনিয়র নেতা বাসসেম নাঈম এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার রাতে চালানো ওই হামলায় আজম গুরুতর আহত হন এবং বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উল্লেখ্য, এ নিয়ে খলিল আল-হাইয়ার চার সন্তান ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারালেন। এর আগে ২০০৮ এবং ২০১৪ সালে গাজায় দুটি পৃথক হামলায় এবং গত বছর দোহায় চালানো ইসরায়েলি আক্রমণে তার আরও তিন ছেলে নিহত হয়েছিলেন। খলিল আল-হাইয়া নিজে বহুবার ইসরায়েলি গুপ্তহত্যার চেষ্টা থেকে বেঁচে ফিরেছেন।

ছেলের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানার আগে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খলিল আল-হাইয়া অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এর অধীনে পরিচালিত গাজা শান্তি পরিকল্পনা নস্যাৎ করতেই ইসরায়েল এই হামলা চালিয়েছে। তিনি বলেন, এই জায়নবাদী আগ্রাসন স্পষ্টভাবে প্রমাণ করে যে দখলদার বাহিনী কোনোভাবেই যুদ্ধবিরতি বা এর প্রথম ধাপ মেনে চলতে চায় না। আল-হাইয়া এই হত্যাকাণ্ডকে ফিলিস্তিনি জনগণের ওপর চলমান ধারাবাহিক আগ্রাসনের অংশ হিসেবে বর্ণনা করেছেন এবং দাবি করেছেন যে, হত্যা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ফিলিস্তিনি মধ্যস্থতাকারীদের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে ইসরায়েল।

হামাসের অভিযোগ, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল পরিকল্পিতভাবে হামলা জোরদার করছে। তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৮৩৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২,৩৮১ জন আহত হয়েছেন। দীর্ঘ দুই বছরের বিধ্বংসী সংঘাতের পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, যে যুদ্ধে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights