ইসরায়েলি হামলায় হুথি প্রধানমন্ত্রী নিহত, দাবি রিপোর্টে
অনলাইন ডেস্ক
ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ইমেয়েনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সানার একটি অ্যাপার্টমেন্টে তিনি হামলার শিকার হন বলে ইয়েমেনের আল-জুমহুরিয়া টেলিভিশন জানিয়েছে।
ইয়েমেনের আডেন আল-গাদ সংবাদমাধ্যম জানিয়েছে, আল-রাহাভির সঙ্গে আরও কয়েকজন সহযোগী ওই হামলায় প্রাণ হারান।
প্রতিবেদনে বলা হয়, এ হামলাটি ছিল রাজধানী সানার বাইরে আলাদা আরেকটি স্থানে চালানো হামলা থেকে পৃথক ঘটনা। হুথি নেতাদের শীর্ষ পর্যায়ের বৈঠককে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। বৈঠকে হুথিদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন মন্ত্রী উপস্থিত ছিলেন। ওই বৈঠকে হুথি নেতা আবদুল মালিক আল-হুথির ভাষণ শোনার কথা ছিল।
তবে হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।
ইসরায়েলি চ্যানেল কান জানায়, রাহাভি এক বছর ধরে প্রধানমন্ত্রী পদে ছিলেন, যদিও তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পাননি।
এন টুয়েলভের প্রতিবেদনে বলা হয়, রাহাভি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছিলেন।
আরব গণমাধ্যমগুলো জানিয়েছে, সানায় প্রায় ১০ দফা হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সূত্রের বরাতে কান আরও জানায়, প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেও হামলা চালিয়ে হুথি সরকারের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল, ওয়াইনেট নিউজ, ইসরায়েল ন্যাশনাল নিউজ
