ইসরায়েলের আক্রমণ হিজবুল্লাহর প্রতিরোধকে শক্তিশালী করবে
অনলাইন ডেস্ক
লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা হিজবুল্লাহর প্রতিরোধকে আরও জোরালো করবে বলে মন্তব্য করেছে সংগঠনটি। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েল বুধবার ব্যাপক হামলা চালিয়েছে। হিজবুল্লাহ হামলার নিন্দা জানিয়ে এটাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছে।
সংগঠনটি বলেছে, বাজার ও দোকানের মতো জনবহুল বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে। এতে বহু নিরীহ মানুষ হতাহত হয়েছে। তাদের মতে, ইসরায়েল বিভিন্ন ফ্রন্টে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা থেকেই এমন হামলা চালানো হচ্ছে।
হিজবুল্লাহ বলেছে, এসব আক্রমণ তাদের প্রতিরোধের ইচ্ছা আরও বাড়িয়ে দেবে। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প আরও দৃঢ় হবে।
এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ৮০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। বৈরুতসহ দেশের বিভিন্ন এলাকায় একযোগে ব্যাপক বিমান হামলা চালানো হয়। অল্প সময়ের মধ্যে শতাধিক হামলা হয় বলে জানিয়েছে ইসরায়েল।
লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি এই হামলাকে পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ বলেছেন। তিনি জানান, দক্ষিণ বৈরুত, বেকা উপত্যকা, মাউন্ট লেবানন, সিদনসহ বিভিন্ন এলাকায় হামলা হয়েছে। এসব স্থানে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
হিজবুল্লাহ আগে জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতিকে সম্মান জানিয়ে হামলা বন্ধ রেখেছে। তবে এর পরও ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবানন যুদ্ধবিরতির আওতায় নেই বলে জানিয়েছেন। দেশটির সেনাপ্রধান ইয়াল জামির বলেছেন, কোনো আপস ছাড়াই হিজবুল্লাহর ওপর হামলা চলবে।
