ইসরায়েলের হামলাতে যে শীর্ষ কর্মকর্তাদের হারাল ইরান

অনলাইন ডেস্ক

আজ শুক্রবার ভোরে ইসরায়েলের আগ্রাসনে ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ, বিপ্লবী গার্ডস কোরের কমান্ডার এবং একাধিক পারমাণবিক বিজ্ঞানীসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও বেসামরিক নাগরিক মারা গেছেন। এই হামলা রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন প্রদেশে চালানো হয়েছে।

ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং ইসলামিক বিপ্লবী গার্ড কোর আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এছাড়াও, ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদও এই হামলায় নিহত হয়েছেন।

হামলায় নিহত পারমাণবিক বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন মোহাম্মদ-মেহদি তেহরানচি এবং ফেরেইদুন আব্বাসি। প্রাথমিক প্রতিবেদনে আরও কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী আব্দুলহামিদ মিনোচেহর, আহমাদরেজা যোফাগারি, সাইয়েদ আমিরহোসেইন ফেকি এবং মোতালেবিজাদেহ নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

আজ শুক্রবার ভোররাত ৩টার দিকে তেহরানে প্রথম হামলার খবর পাওয়া যায় এবং এর পরপরই দেশের বিভিন্ন প্রদেশে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে তেহরান এবং অন্যান্য অঞ্চলের আবাসিক এলাকাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে।

সূত্র: প্রেস টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights