ইসরায়েলের হামলায় আতঙ্কিত তেহরান, রাজধানী ছাড়ছেন বাসিন্দারা

অনলাইন ডেস্ক
ইসরায়েলের টানা হামলার আশঙ্কায় ইরানের রাজধানী তেহরানে দেখা দিয়েছে তীব্র আতঙ্ক। নিরাপত্তার খোঁজে শহর ছেড়ে যাচ্ছেন বহু বাসিন্দা। রবিবার (১৫ জুন) সকালে পেট্রল পাম্পগুলোতে দীর্ঘ লাইন পড়ে যায়, কারণ মানুষ ঘর ছাড়ার আগে গাড়িতে পর্যাপ্ত জ্বালানি নিতে চাইছে।

স্থানীয় এক বাসিন্দা রয়টার্সকে বলেন, “মানুষজন খুব ভয় পেয়েছে। অনেক পেট্রল পাম্প উপচে পড়েছে, কারণ সবাই নিরাপদ স্থানে যেতে চায়।”

আরেকজন বলেন, “পাম্পগুলোতে খুব অল্প পেট্রল আছে। ফলে সবাই চাইলেও জ্বালানি পাচ্ছে না। রাজধানীতে আশ্রয় নেওয়ার মতো নিরাপদ জায়গা নেই। যদি হামলা হয়, কোথায় যাব?”

বেশিরভাগ মানুষ তেহরান ছেড়ে উত্তর দিকের গ্রামাঞ্চলের দিকে ছুটছেন। সেখানে তুলনামূলক নিরাপত্তার আশ্বাস থাকায় সেসব এলাকাই বেশি পছন্দের হয়ে উঠেছে। তবে মহাসড়কগুলো গাড়িতে ঠাসা থাকায় যান চলাচল হচ্ছে ধীরগতির ও বিপজ্জনক।

ইসরায়েলের পক্ষ থেকেও রবিবার জানানো হয়, তাদের অস্ত্র কারখানার আশপাশের এলাকায় থাকা ইরানিদের নিরাপদ স্থানে চলে যেতে। অপরদিকে ইরানও তাদের গুরুত্বপূর্ণ সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনার আশপাশের এলাকাগুলোর ইসরায়েলি বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছে।

রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা যায়, আহত ও আতঙ্কিত মানুষ ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তবে নিহতদের মধ্যে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাও রয়েছেন।

সূত্র: সিএনএন, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights