ইসরায়েলে হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইয়েমেন

অনলাইন ডেস্ক

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে বড় ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। রবিবার ভোরে চালানো এই হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। তারা জানিয়েছে, এই অভিযান ইরানের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে।

ইয়েমেনের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে তেল আবিবের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। রবিবার সকালে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ‌তেল আবিবের কেন্দ্রভাগে দখলদার ইহুদিবাদীদের বিরুদ্ধে একটি নতুন সামরিক অভিযান চালিয়েছে আমাদের বাহিনী।

তিনি জানান, এই হামলায় নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে। এটি ছিল ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও ইরানের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক অভিযানের অংশ হিসেবে সমন্বিত প্রচেষ্টা।

ইয়াহিয়া সারি আরও জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইয়েমেনের বিভিন্ন ক্ষেপণাস্ত্র ইউনিট থেকে ইসরায়েলের দখলকৃত ইয়াফা অঞ্চলে ‘ফিলিস্তিন-২’ নামের একাধিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।

তিনি বলেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে ইরান তার নেতৃত্ব, সেনাবাহিনী ও জনগণের মাধ্যমে সাহসী ও অবিচল প্রতিরোধ দেখিয়েছে, ইয়েমেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। সূত্র : রয়টার্স ও তাসনিম নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights