ইসরায়েল ম্যাচের আগে আয়ারল্যান্ডের সংবাদ সম্মেলন স্থগিত, পিছিয়ে গেল অনুশীলন
স্পোর্টস ডেস্ক
ইসরায়েলের বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ করেই অনিশ্চয়তায় পড়েছে আয়ারল্যান্ড। দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ জরুরি বৈঠকে বসায় নির্ধারিত সময়ের মাত্র ১৫ মিনিট আগে স্থগিত করা হয়েছে সংবাদ সম্মেলন। পিছিয়ে দেওয়া হয়েছে দলের অনুশীলনও।
হাঙ্গেরির দেবরেসেনে রোববার রাতে ইউয়েফা নেশনস লিগের ম্যাচে ইসরায়েলের মুখোমুখি হওয়ার কথা আয়ারল্যান্ডের। তবে ম্যাচটি ঘিরে আগে থেকেই তীব্র বিতর্ক চলছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে ম্যাচ বর্জনের দাবিও উঠেছে আয়ারল্যান্ডে।
শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে সংবাদ সম্মেলনে কোচ হেইমির হালগ্রিমসন ও একজন খেলোয়াড়ের সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মাত্র ১৫ মিনিট আগে সংবাদ সম্মেলন স্থগিতের কথা জানায় ইউয়েফা।
পরে জানানো হয়, অনুশীলনের পর সংবাদ সম্মেলন হতে পারে। দলের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। তবে নির্ধারিত সময়েও অনুশীলন শুরু হয়নি। এর পরিবর্তে টিম হোটেলেই জরুরি বৈঠকে বসেন খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা।
পরে জানানো হয়, সংবাদ সম্মেলনটি স্টেডিয়ামের পরিবর্তে টিম হোটেলে হতে পারে। তবে কখন সেটি অনুষ্ঠিত হবে, তা নিশ্চিত করা হয়নি।
এর আগের দিন শুক্রবারও নিজেদের মধ্যে বৈঠক করেন আয়ারল্যান্ডের খেলোয়াড়েরা। সেখানে ইসরায়েলের বিপক্ষে রোববারের ম্যাচ এবং আগামী ৪ অক্টোবর সার্বিয়ার বাক্কা তোপোলায় ফিরতি ম্যাচ নিয়ে মতামত দেন তারা।
সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের পক্ষ থেকে একটি বিবৃতি আসার কথা ছিল। তবে হঠাৎ করে সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় ম্যাচ ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
এর আগে আয়ারল্যান্ডের মিডফিল্ডার জেসন নাইট সরাসরিই বলেছিলেন, ইসরায়েলের বিপক্ষে ম্যাচটি হওয়া উচিত নয়। তিনি বলেছিলেন, ‘ম্যাচটি অবশ্যই হওয়া উচিত নয়। কিন্তু এটি হচ্ছে। এ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করে দল হিসেবে আমাদের মতামত ঠিক করব।’
ম্যাচ নিয়ে বিতর্কের মধ্যেই আয়ারল্যান্ডের কোচ হালগ্রিমসনের একটি মন্তব্যও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। দল ঘোষণার পর তিনি বলেছিলেন, ‘আমরা গণহত্যার সঙ্গে খেলছি না, গণহত্যার বিরুদ্ধে খেলছি। আমরা ইসরায়েলের বিপক্ষে খেলছি, ইসরায়েলের সঙ্গে খেলছি না।’
হালগ্রিমসনের ওই মন্তব্যের তীব্র সমালোচনা করে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে তারা আয়ারল্যান্ড কোচের মন্তব্যকে ‘অজ্ঞতা, ভণ্ডামি ও বোকামি’ বলে অভিহিত করে।
ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। নিউইয়র্কে সাংবাদিকদের তিনি বলেন, মন্তব্যগুলো প্রত্যাহার করা উচিত।
এদিকে রবিবারের ম্যাচ ঘিরে আয়ারল্যান্ডে ‘স্টপ দ্য গেম’ নামে বয়কটের একটি প্রচারণাও চলছে। আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন আয়োজিত এই প্রচারণায় সাবেক আয়ারল্যান্ড কোচ ব্রায়ান কের এবং সাবেক আন্তর্জাতিক ফুটবলার জেমস ম্যাকক্লিনসহ অনেকে সমর্থন জানিয়েছেন।
